দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার কুমারখালীতে ভোররাতের আগুনে পুড়ে ছাই হয়েছে দিনমজুর হাসান আলীর শেষ সম্বল বসতঘর। সর্বস্ব হারিয়ে পরিবার নিয়ে এখন খোলা আকাশের নিচে দিন কাটানোর শঙ্কায় রয়েছেন তিনি।
সোমবার ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গী রেলপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হাসান আলী মৃত ইউসুফ আলীর ছেলে। নিজের কোনো জমি নেই তার। রেললাইনের পাশে ছোট একটি ঘরে পরিবারের চার সদস্যকে নিয়ে বসবাস করতেন তিনি। প্রতিদিনের মতো রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন হাসান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলেও ততক্ষণে আগুনে পুড়ে যায় ঘরের সবকিছু।
আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি রান্না করা ভাত এবং ঘরে থাকা চালও পুড়ে গেছে। আগুনের পর সেখানে পড়ে আছে পুড়ে যাওয়া খুঁটি ও ছাই।
হাসান আলী বলেন, আমি দিনমজুর। একদিন কাজ না করলে সংসার চলে না। আগুনে আমার সব শেষ হয়ে গেছে। রান্না করার চালটুকুও নেই। এখন নতুন করে ঘর বানানোর সামর্থ্যও নেই। সবার কাছে সাহায্য চাই।
স্থানীয়রা জানান, আগুনে শুধু একটি ঘর নয়, একটি পরিবারের মাথা গোঁজার শেষ আশ্রয়ও কেড়ে নিয়েছে। সর্বস্ব হারানো হাসান আলীর পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এমএস/